ads

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানোর মধ্যে নতুন ও কঠোর হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী স্পষ্ট করে জানিয়েছে—তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক সংঘাতে তাদের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি ইরানকে দুর্বল করেনি; বরং আরও শক্তিশালী করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে এ তথ্য জানানো হয়।

আইআরজিসি জানায়, তারা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না শত্রু পরাজিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘শত্রুরা জেনে রাখুক, তাদের সুখের দিন শেষ। তারা বিশ্বের কোথাও আর নিরাপদ থাকবে না—এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়।’

এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরানের বন্দর আব্বাসের একটি সামরিক বন্দরে কয়েকটি নৌযান থেকে ঘন ধোঁয়া উড়ছে। জ্বলন্ত জাহাজগুলোর একটি ৭৫০ ফুটেরও বেশি দীর্ঘ, যা আগে তেলবাহী ট্যাংকার ছিল এবং পরে সেটিকে হেলিকপ্টার অবতরণ প্যাডসহ নৌযানে রূপান্তর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর