ads

জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় নতুন কিছু সুপারিশ যুক্ত করে অনৈকের সৃষ্টি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো সই করেছে, সেই স্বাক্ষরিত সনদবহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ ৮৪টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্নমত আছে, নোট অব ডিসেন্ট আছে। পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এসব নোট অব ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো যারা দিয়েছে, তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেটপ্রাপ্ত হয়, তাহলে তারা সেভাবে সেটা বাস্তবায়ন করতে পারবে। সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে আপনারা পাবেন, সব দফায় দফায় যেখানে যেখানে ডিসেন্ট আছে, সেখানে আছে। অথচ বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেওয়া হলো সুপারিশমালার সঙ্গে, সেখানে এই নোট অব ডিসেন্টের কোনো উল্লেখ নেই।

তিনি আরও বলেন, হয়তোবা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমস্যাটা নিয়ে আবার আলোচনা হতে পারে। এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে। যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি। এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি।

এদিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে কমিশনের সুপারিশ নিয়ে কথা বলেন আরেক নেতা আমীর খসরু। তিনি বলেন, গনভোট আর জাতীয় নির্বাচন একই দিনে করতে হবে।

তিনি আরও দাবি করেন, সুষ্ঠু নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে সাজাতে হবে। 

আরও খবর