বিদেশি বিনিয়োগ আনলেই ১.৫% ইনসেনটিভ, নতুন প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে লিখিত প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ ইনসেনটিভ: প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা
দেশে বিদেশি বিনিয়োগ বা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশি কিংবা বিদেশি যে কোনো ব্যক্তি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম হলে সেই বিনিয়োগের অর্থের ওপর ১ দশমিক ৫ শতাংশ হারে ইনসেনটিভ বা কমিশন প্রদান করবে সরকার।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নারী আসনের সংসদ সদস্য বেগম জহরত আদিব চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, “দেশি কিংবা বিদেশি যে কোনো নাগরিক যদি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বা এফডিআই নিয়ে আসতে পারেন, তবে বিনিয়োগ করা সেই অর্থের ওপর ১.৫ শতাংশ হারে কনসালটেন্ট ফি বা কমিশন যেটাই বলুন, তাদেরকে আমরা দেব। এটিকে আমরা ইনসেনটিভ হিসেবে প্রদান করব।”
তিনি জানান, বিদেশে বসবাসরত যোগ্য ও মেধাবী প্রবাসী বাংলাদেশি বা ডায়াসপোরাদের দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগকে কাজে লাগিয়ে দেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেই সরকার এ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে প্রবাসীরা বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের ভুল নীতি ও দুর্নীতির নেতিবাচক প্রভাব এখনো দেশের অর্থনীতিকে বহন করতে হচ্ছে। তবে বর্তমান সরকার এসব সমস্যা কাটিয়ে উঠতে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারীরা যাতে তাদের অর্জিত মুনাফা বা লভ্যাংশ নির্বিঘ্নে নিজ দেশে স্থানান্তর করতে পারেন, সে জন্য বিদ্যমান জটিলতার আইনি সমাধান ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে। এতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় সরকার বিভিন্নমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও সংসদকে অবহিত করেন প্রধানমন্ত্রী।




