ads

বলিউডের জনপ্রিয় র‌্যাপার ও সংগীতশিল্পী বাদশাহ ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই থেকেছেন বেশ গোপনীয়। তবে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এসেছে তাঁর দ্বিতীয় বিয়ের খবর। পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাদশাহকে ‘পতিদেব’ বলে সম্বোধন করায় ভক্তদের কাছে স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্কের নতুন অধ্যায়ের কথা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় চার বছর ধরে সম্পর্কে ছিলেন বাদশাহ ও ইশা। একটি পার্টিতে প্রথম পরিচয়ের পর বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। তবে সম্পর্কের পুরো সময়টাতেই নিজেদের ব্যক্তিগত জীবনকে মিডিয়ার আলোচনার বাইরে রেখেছিলেন এই তারকা জুটি।

১৯৯৩ সালে চণ্ডীগড়ে জন্ম নেওয়া ইশা রিখি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। পরিবারের উৎসাহেই তিনি বিনোদন অঙ্গনে প্রবেশ করেন। মডেলিং করতে গিয়েই অভিনয়ের সুযোগ পান এবং ধীরে ধীরে পাঞ্জাবি চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন।

পাঞ্জাবি সিনেমার জনপ্রিয় ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’-এ ছোট একটি উপস্থিতির মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। পরে ‘জাট বয়েজ পুত জাট দে’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর ‘হ্যাপি গো লাকি’, ‘হোয়াট দ্য জ্যাট!!’, ‘দেশি মুন্ডে’ এবং ‘আরদাস’-এর মতো একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন।

পাঞ্জাবি চলচ্চিত্রে সাফল্যের পর ২০১৮ সালে ‘নওয়াবজাদে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইশার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন মিউজিক ভিডিওতেও কাজ করে তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।

চলতি বছরের মার্চে ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেন, যেখানে বিয়ের পোশাকে দেখা যায় বাদশাহ ও ইশাকে। তখন থেকেই তাঁদের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। যদিও কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।

সম্প্রতি ইনস্টাগ্রামের ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে এক ভক্তের প্রশ্নের জবাবে ইশা জানান, তিনি বিবাহিত। একই সঙ্গে মজার ছলে স্বামীকে উল্লেখ করে তিনি বলেন, কেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ফলো করেন না—এর উত্তর বাদশাহই ভালো দিতে পারবেন। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে সব ধরনের জল্পনার অবসান ঘটে।

উল্লেখ্য, এটি বাদশাহর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি জেসমিন ম্যাসিহকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হলেও তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে, যার দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করছেন।

সংগীতজগতে বাদশাহ এবং পাঞ্জাবি চলচ্চিত্র অঙ্গনে ইশা রিখি—দুজনেরই রয়েছে নিজস্ব জনপ্রিয়তা। ফলে তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর ভক্তদের আগ্রহ ও আলোচনা এখন তুঙ্গে।

আরও খবর