‘নব্য ফ্যাসিবাদ ঠেকাতে প্রস্তুত থাকুন’, যুবকদের প্রতি শফিকুর রহমানের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদকে বিদায় করেছে। ভবিষ্যতে নব্য ফ্যাসিবাদ প্রতিরোধে প্রয়োজন হলে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্যও প্রস্তুত থাকতে হবে।
শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠ-এ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া গণভোটের রায় এবং জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংসদে সমাধান না এলে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে জনগণের কাছে নিজেদের অবস্থান তুলে ধরা হবে।
তিনি বলেন, “সংসদে কথা বলতে স্পিকারের অনুমতি প্রয়োজন হয়। কিন্তু জনগণের কাছে যেতে কোনো অনুমতির দরকার হয় না। আমরা জনগণের সঙ্গে কথা বলব এবং তাদের মতামত জানব।”
বিরোধীদলীয় নেতা দাবি করেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় দেশের মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল। তবে সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে। কোনো বিদেশি আধিপত্য বা আগ্রাসনের সামনে বাংলাদেশ মাথা নত করবে না বলেও মন্তব্য করেন তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) ড. অলি আহমদ এবং মাওলানা মামুনুল হক।






