ads

লন্ডন: তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাজ্য। অস্বাভাবিক গরমের কারণে ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ রাখা হয়েছে অথবা স্বাভাবিক সময়ের আগেই ছুটি ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আর্দ্রতা ও আবহাওয়ার পরিস্থিতির কারণে বাস্তবে গরমের অনুভূতি আরও বেশি হতে পারে।

তীব্র গরমের প্রভাবে ইংল্যান্ডের অন্তত ৮৩৭টি স্কুল সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ রয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকদের সন্তানদের আগেভাগে বাসায় নিয়ে যাওয়ার সুযোগও দিচ্ছে।

ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন অঞ্চলে জারি করা রেড হিট অ্যালার্ট বৃহস্পতিবার রাত পর্যন্ত বহাল রয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বোচ্চ স্তরের এই সতর্কতায় জীবনহানির ঝুঁকি, স্বাস্থ্যগত জটিলতা এবং পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্নের আশঙ্কার কথা বলা হয়েছে।

এদিকে দক্ষিণ ও পূর্ব ইংল্যান্ডে শনিবারের জন্য নতুন করে অ্যাম্বার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ রেলযাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

লন্ডনের এক নির্মাণশ্রমিক জনি বলেন, “গরম ভয়াবহ, কিন্তু কাজ তো করতেই হবে।”

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহের ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

আরও খবর