শেষ ৩২–এ ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, পরিসংখ্যানে কার পাল্লা ভারী?
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জাপান। ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২–এর লড়াইয়ে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হবে দুই দল।
শক্তিমত্তা ও ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি বর্তমানে র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে, আর জাপানের অবস্থান ১৮তম। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে।
এ পর্যন্ত দুই দল ১০টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে ব্রাজিল, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একটিতে।
তবে সেই একমাত্র জয়ই এসেছে দুই দলের সর্বশেষ দেখায়। ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। সেই ম্যাচে খেলা জাপানের বেশিরভাগ ফুটবলারই এবার বিশ্বকাপ স্কোয়াডে থাকায় ব্রাজিলের জন্য ম্যাচটি সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল শুরু করেছিল মরক্কোর বিপক্ষে ১–১ গোলের ড্র দিয়ে। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে ৩–০ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠে সেলেসাওরা।
অন্যদিকে, জাপান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলের ড্র দিয়ে। দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪–০ গোলে উড়িয়ে দেয় তারা। শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১–১ গোলে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২–এ জায়গা নিশ্চিত করে।
রেকর্ড, র্যাঙ্কিং ও ইতিহাস ব্রাজিলের পক্ষে থাকলেও সর্বশেষ মুখোমুখি লড়াইয়ের ফল জাপানকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। ফলে নকআউট পর্বে দুই দলের লড়াই জমে ওঠারই প্রত্যাশা।






