ads

রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের পাঠানো ৬৬০টি ড্রোন এক রাতেই ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। দেশটির মতে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে এটি এক রাতে সবচেয়ে বড় ড্রোন হামলা এবং সর্বোচ্চ সংখ্যক ড্রোন প্রতিহত করার ঘটনা।

শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী মস্কো, দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর, আজভ সাগরসহ এক ডজনেরও বেশি অঞ্চলের আকাশে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম ‘ম্যাক্স’-এ প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীমুখী অন্তত ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেসব এলাকায় পড়েছে, সেখানে জরুরি সেবার কর্মীরা কাজ করছেন। তবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে মস্কো থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণে তুলা অঞ্চলেও ব্যাপক ড্রোন হামলার কথা জানিয়েছেন আঞ্চলিক গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ। তিনি বলেন, শেকিনো জেলার একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে একজন নারী আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন। বিশেষ করে জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা যুদ্ধ পরিচালনায় রাশিয়ার গুরুত্বপূর্ণ রাজস্বের উৎস হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। গত সপ্তাহেও ইউক্রেনের হামলায় মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে উভয় পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও খবর