শিক্ষার্থীদের দক্ষ ও সুনাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে হবে।
রোববার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র মাধ্যমে আসা সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু একাডেমিক শিক্ষাই নয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।
এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এ আয়োজনের জন্য সরকারপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশগ্রহণ এবং অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যক্রমও প্রত্যক্ষ করেন।






