ads

একাত্তর ইস্যুতে বিএনপিকে পাল্টা প্রশ্ন জামায়াতের, ‘যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী করা হয়েছিল?’

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে পাল্টা প্রশ্ন তুলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, স্বাধীনতার পর বিএনপির বিভিন্ন সরকারের সময় এমন ব্যক্তিদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য করা হয়েছিল, যারা পাকিস্তানের অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাই এ বিষয়ে বিএনপিকেই জবাব দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বিএনপি সংসদের ভেতরে ও বাইরে জামায়াতকে একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে। কিন্তু স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বিএনপি ক্ষমতায় এসে যেসব ব্যক্তিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি করেছে, তাঁদের অনেকেই পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিলেন। এ বিষয়ে বিএনপিরই ব্যাখ্যা দেওয়া উচিত।

সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাত্তরে স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াতের কাছে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় গোলাম পরওয়ার বলেন, বারবার ১৯৭১ সালের প্রসঙ্গ তুলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সে সময়ের রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দল তাদের নিজস্ব অবস্থান থেকে সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময়কার নেতারা তাঁদের অবস্থানের ব্যাখ্যাও দিয়েছেন। কারও কাছে তা গ্রহণযোগ্য হতে পারে, আবার নাও হতে পারে—এটি রাজনৈতিক বিতর্কের বিষয়।

বিএনপির সঙ্গে অতীতের রাজনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে চারদলীয়, ১৮ দলীয় ও ২০ দলীয় জোটে জামায়াত বিএনপির সহযোগী ছিল। রাষ্ট্রপতি নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দুই দল একসঙ্গে কাজ করেছে। সে সময় একাত্তরের প্রশ্ন বিএনপির মনে ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯১ সালে বিএনপিকে সরকার গঠনে জামায়াতের সমর্থনের কথা উল্লেখ করে গোলাম পরওয়ার অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটেছিল।

তিনি আরও বলেন, জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিকভাবে শক্ত কোনো সমালোচনা না থাকায় পুরোনো ইস্যু সামনে এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এতে জনগণ বিভ্রান্ত হবে না বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে দেশের কয়েকটি গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর অভিযোগ, কিছু সংবাদমাধ্যম নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের মতো করে সংবাদ প্রকাশ করছে। এমনকি অতীতে তারা ক্ষমতাসীন সরকারের পক্ষেও কাজ করেছে বলেও দাবি করেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিবের উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, ‘আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। কারণ, আমরা অপরাধ করি নাই, ক্ষমা চাইব কেন? আপনার বাবা অপরাধী, এই অভিযোগ আছে। সুতরাং কথা সতর্কভাবে বলা উচিত।’

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এ টি এম মা’ছুম, আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর