ads

বিশ্ব বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। বিশ্বজুড়ে ৯৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৯৭৭ মিলিয়ন ডলার) আয় করে চলচ্চিত্রটি নির্মাতা ক্রিস্টোফার নোলানের অস্কারজয়ী ‘ওপেনহাইমার’-কে ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে বাস্তব চরিত্রের জীবনীভিত্তিক সিনেমাগুলোর মধ্যে সর্বকালের সর্বোচ্চ আয়কারী (হাইয়েস্ট গ্রসিং বায়োপিক) হিসেবে নতুন রেকর্ড গড়েছে ছবিটি।

চলতি বছরের এপ্রিলে মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাতে শুরু করে ‘মাইকেল’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে আলোচনায় আসে সিনেমাটি। এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত কিংবদন্তি ব্যান্ড ‘কুইন’-এর বায়োপিক ‘বোহেমিয়ান র্যাপসোডি’-কে ছাড়িয়ে সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিকের স্বীকৃতি পেয়েছিল ছবিটি। এবার ‘ওপেনহাইমার’-কেও পেছনে ফেলে নতুন মাইলফলক স্পর্শ করেছে। একই সঙ্গে এটি লায়ন্সগেট স্টুডিওর ইতিহাসের সবচেয়ে সফল সিনেমায় পরিণত হয়েছে।

প্রখ্যাত নির্মাতা অ্যান্টনি ফুকুয়ার পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের শৈশব, ‘জ্যাকসন ফাইভ’-এর সঙ্গে যাত্রা এবং পরবর্তীতে বিশ্বসংগীতের কিংবদন্তি হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে।

সিনেমাটির অন্যতম আকর্ষণ ছিলেন মাইকেল জ্যাকসনের আপন ভাতিজা জাফর জ্যাকসন। কিংবদন্তি শিল্পীর লুক, নাচ ও পারফরম্যান্সের নিখুঁত উপস্থাপনার জন্য তিনি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

তবে বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য পেলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ছবিটি। অনেকের অভিযোগ, মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায় ও যৌন নিপীড়নের অভিযোগগুলো সিনেমায় পর্যাপ্তভাবে তুলে ধরা হয়নি। আইনি জটিলতা ও গোপনীয়তা চুক্তির (এনডিএ) কারণে এসব বিষয় এড়িয়ে যাওয়ায় একে 'হোয়াইটওয়াশ'-এর চেষ্টা বলেও মন্তব্য করেছেন কয়েকজন সমালোচক।

সমালোচনা থাকলেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। সিনেমা মুক্তির পর থেকেই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মাইকেল জ্যাকসনের গান শোনার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্পটিফাই ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার জনপ্রিয় গানগুলো আবারও ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে।

চলচ্চিত্রটির এই অসাধারণ সাফল্যের পর লায়ন্সগেট স্টুডিও মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে আরও একটি সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

আরও খবর