লিংকনের সাময়িক বিরতি, আর্টসেলের নতুন ট্যুরিং ভোকাল বখতিয়ার
বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল–এর ভক্তদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ এক ঘোষণা। ব্যক্তিগত কারণে ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ও গিটারিস্ট লিংকন ডি'কস্তা সাময়িকভাবে ব্যান্ডের কার্যক্রম থেকে বিরতি নিয়েছেন। তার অনুপস্থিতিতে কনসার্ট ও লাইভ পারফরম্যান্স চালিয়ে যেতে ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন।
সম্প্রতি ব্যান্ডটির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন সদস্যরা। সেখানে লিংকন জানান, জীবনের বিশেষ কিছু পরিস্থিতির কারণে বর্তমানে তাকে কানাডায় অবস্থান করতে হচ্ছে এবং আরও কিছুদিন দেশের বাইরে থাকতে হবে।
ভিডিওবার্তায় লিংকন বলেন, গত ২৭ বছরে তিনি কখনোই আর্টসেলের পথচলা থেকে দূরে থাকেননি। তবে জীবনের বাস্তবতায় এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তাই সময়ের প্রয়োজনেই সাময়িকভাবে ব্যান্ড থেকে বিরতি নিতে হচ্ছে।
তিনি বলেন, ব্যক্তি নয়, একটি ব্যান্ড বা প্রতিষ্ঠানের অস্তিত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তার অনুপস্থিতিতে যেন আর্টসেলের কার্যক্রম থেমে না যায় এবং ভক্তরা লাইভ পারফরম্যান্স থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে ট্যুরিং ভোকাল হিসেবে বখতিয়ারকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সদস্য সম্পর্কে লিংকনের মূল্যায়ন, বখতিয়ার একজন অসাধারণ ভোকাল ও সংগীতশিল্পী। তিনি আর্টসেলের আবেগ, দর্শন ও দীর্ঘদিনের লিগ্যাসি ভালোভাবেই বোঝেন।
এ সময় ভক্তদের উদ্দেশে একটি বিশেষ অনুরোধও জানান লিংকন। তিনি বলেন, বখতিয়ারকে তার সঙ্গে তুলনা না করে একজন স্বতন্ত্র শিল্পী হিসেবে মূল্যায়ন করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, দূরে থাকলেও সবসময় আর্টসেল ও বখতিয়ারের পাশে থাকবেন।
ব্যান্ডের ড্রামার এরশাদুল হক সাজু এবং গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ ও জুয়েল জানান, লিংকনকে ছাড়া আর্টসেলকে কল্পনা করা কঠিন। গত ছয় থেকে সাত মাস ধরে তার অনুপস্থিতির কারণে তারা কোনো স্টেজ শো করতে পারেননি। তবে ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং ব্যান্ডের ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে বখতিয়ার বলেন, আর্টসেল একটি লিগ্যাসি। লিংকনের জায়গা নেওয়ার মতো দুঃসাহস তার নেই। তবে এই ব্যান্ড তার সংগীতজীবনের অন্যতম বড় অনুপ্রেরণা এবং সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।
দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার লিংকনকে ছাড়া মঞ্চে উঠতে যাচ্ছে আর্টসেল। ব্যান্ডটির সদস্যরা আশা করছেন, এই পরিবর্তন কেবল সাময়িক এবং ভক্তদের ভালোবাসা নিয়েই তাদের সংগীতযাত্রা অব্যাহত থাকবে।






