ads

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ইরাক সীমান্তসংলগ্ন এলাকায় বন্দুক হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সদস্য আহত হয়েছেন। হামলাটিকে ‘সন্ত্রাসী’ ও ‘বিশ্বাসঘাতক’ হামলা হিসেবে বর্ণনা করেছে আইআরজিসি।

মঙ্গলবার (৩০ জুন) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় কেরমানশাহ প্রদেশের পাভে কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। আইআরজিসির জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা একটি বাড়ির প্রবেশপথ লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আইআরজিসির দুই সদস্য নিহত হন এবং আরও দুই সদস্য আহত হন।

নিহতরা স্থানীয় আইআরজিসি সদস্য ছিলেন বলে জানানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পরপরই ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, হামলার উদ্দেশ্য, এর পেছনের প্রেক্ষাপট এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ অঞ্চলটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনীর জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। সেখানে অতীতেও বিচ্ছিন্ন সশস্ত্র হামলা ও সীমান্তসংক্রান্ত নিরাপত্তা ঘটনা ঘটেছে।

আরও খবর