জুনের ২৯ দিনে দেশে এলো ২৬৮.৬ কোটি ডলারের রেমিট্যান্স
চলতি জুন মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে। যদিও গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স কিছুটা কমেছে, তবে পুরো ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৩০ শতাংশ এবং গড়েছে নতুন রেকর্ড।
চলতি জুন মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৬৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ২৬ লাখ ডলার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় কিছুটা কমেছে।
তবে পুরো অর্থবছরের চিত্র ভিন্ন। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের তুলনায় এ প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৩০ শতাংশ।
এদিকে, মাসভিত্তিক হিসাবেও চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। গত মার্চে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এছাড়া মে মাসে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এর আগে এপ্রিলে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
এছাড়া গত ডিসেম্বরে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা সে সময় পর্যন্ত দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড ছিল। আর চলতি অর্থবছরে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে রেমিট্যান্স প্রবাহ।






