১,০৫২ কোটি টাকায় যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ২.৭০ লাখ টন গম কিনবে সরকার
দেশের খাদ্য মজুত শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে মোট ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের উত্থাপিত একটি প্রস্তাবের আওতায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের প্যাকেজ-৩ অনুযায়ী ৫০ হাজার মেট্রিক টন (৫ শতাংশ কম-বেশি) গম কেনা হবে। এ গম সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান এম/এস অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড।
প্রতি মেট্রিক টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা।
অন্যদিকে, সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এই চালানে সরকারের ব্যয় হবে আনুমানিক ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।
এদিনের বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন ক্রয় প্রস্তাবও বিবেচনা ও অনুমোদন দেওয়া হয়।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে এসব গম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।






