অস্ট্রিয়ার আগে স্পেন শিবিরে আত্মবিশ্বাস, বড় বার্তা দিলেন ইয়ামাল
বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি স্পেন। তবে দলটির সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই তরুণ তারকা লামিন ইয়ামালের। তার বিশ্বাস, একবার দল ছন্দে ফিরতে পারলে স্পেনকে থামানো যেকোনো প্রতিপক্ষের জন্যই প্রায় অসম্ভব হয়ে উঠবে।
২০২৬ বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। কিন্তু প্রথম ম্যাচেই নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে হতাশ করে তারা। এরপর সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও শেষ গ্রুপ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে লা রোহা।
অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন ইয়ামাল। তার মতে, প্রত্যাশিত মানের ফুটবল এখনও খেলতে পারেনি স্পেন।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “এটা সত্য যে সবাই আমাদের কাছ থেকে আরও ভালো ফুটবল আশা করেছিল। তবে আমরা ইউরোপের বাইরের ভিন্ন ধরনের দলের বিপক্ষে খেলেছি। ম্যাচগুলো কঠিন ছিল, বিশেষ করে শেষ ম্যাচটি, যেখানে খেলা বারবার থেমেছে।”
তবে স্পেনের সেরা পারফরম্যান্স এখনও বাকি বলেই মনে করেন বার্সেলোনার এই তারকা। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, “আমার মনে হয় না, আমরা এখনও কোনো দুর্দান্ত ম্যাচ খেলেছি। কিন্তু একবার ছন্দ খুঁজে পেলে—আর আমি নিশ্চিত আমরা সেটা পাব—তখন আমাদের থামানো প্রায় অসম্ভব হয়ে যাবে।”
চোটের কারণে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচই পুরো ৯০ মিনিট খেলতে পারেননি ইয়ামাল। তবে শেষ ষোলোর আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত বলেই জানিয়েছেন তিনি।
ইয়ামাল বলেন, “আমি এখনও আন্তর্জাতিক ফুটবলে শিখছি। ক্লাব ফুটবলের তুলনায় এখানে অনেক কিছুই আলাদা। চোট থেকে ফিরে নিজেকে কীভাবে সামলাতে হয়, সেটাও শিখছি। এখন আমি দারুণ অনুভব করছি এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটির অপেক্ষায় আছি।”
বিশ্বকাপের শেষ ষোলোয় বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আর সেই লক্ষ্যেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত ইয়ামাল ও তার সতীর্থরা।






