‘রোববার বিশ্রাম নাও’—হালান্ডকে খুনসুটিতে মাতালেন রদ্রিগো
বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে ব্রাজিল ও নরওয়ে মুখোমুখি হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে খুনসুটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো রসিকতার ছলে নরওয়ের তারকা আর্লিং হালান্ডকে আগামী ম্যাচে ‘বিশ্রাম’ নেওয়ার পরামর্শ দিয়ে ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে। ম্যাচটিতে জয়সূচক গোল করেন হালান্ড। সেই জয়ের পরই নিশ্চিত হয় যে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের প্রতিপক্ষ হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা হালান্ডকে ঘিরেই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে ব্রাজিলের রক্ষণভাগকে।
আইভরি কোস্টের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন হালান্ড। সেই পোস্টের মন্তব্যে রদ্রিগো লেখেন, “তুমি অনেক পরিশ্রম করেছ… রোববার বিশ্রাম নাও।” সঙ্গে যোগ করেন ব্রাজিলের পতাকার ইমোজিও। তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় মজার প্রতিক্রিয়া।
বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন রদ্রিগো। গত মার্চে লিগামেন্টে আঘাত পাওয়ার পর থেকে তিনি খেলতে পারছেন না। ফলে চলতি বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হচ্ছে না ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের। তবে তাকে ছাড়াই দারুণ ছন্দে রয়েছে কার্লো আনচেলত্তির দল। চার ম্যাচে অপরাজিত থেকে আত্মবিশ্বাস নিয়েই শেষ ষোলোয় উঠেছে সেলেসাওরা।
অন্যদিকে, নরওয়ের আক্রমণের প্রধান ভরসা হয়ে উঠেছেন আর্লিং হালান্ড। প্রতিপক্ষের রক্ষণভাগে ধারাবাহিকভাবে আতঙ্ক ছড়ানো এই স্ট্রাইকারের ওপরই আবারও ভরসা রাখছে নরওয়ে। ফলে শেষ ষোলোর এই হাইভোল্টেজ লড়াইয়ে ব্রাজিলের রক্ষণ বনাম হালান্ডের দ্বৈরথই হতে যাচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ।
মাঠের লড়াই শুরুর আগেই রদ্রিগোর মজার মন্তব্য দুই দলের সমর্থকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, রদ্রিগোর ‘বিশ্রামের পরামর্শ’ উপেক্ষা করে হালান্ড ব্রাজিলের বিপক্ষেও গোলের ধারা ধরে রাখতে পারেন কি না।






