৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত, রুশ বিশ্লেষকের দাবি
জুন মাসে ইউক্রেনের ৩৮ হাজার ৩২৫ জন সেনাসদস্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছেন রুশ সামরিক বিশ্লেষক আন্দ্রেই মারোচকো।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সরাসরি সম্প্রচারে এ দাবি করেন মারোচকো।
তার ভাষ্য অনুযায়ী, জুন মাসে ইউক্রেনীয় বাহিনীর মোট জনবল ক্ষয়ক্ষতি দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩২৫ জনে, যা মে মাসের তুলনায় ৭ হাজার ১৮০ জন বেশি। এই হিসাবের মধ্যে ইউক্রেনীয় সেনাসদস্যের পাশাপাশি বিদেশি ভাড়াটে যোদ্ধারাও অন্তর্ভুক্ত রয়েছেন বলে তিনি দাবি করেন।
মারোচকোর দাবি, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং দ্রুত নতুন সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠানোর কারণে ইউক্রেনীয় বাহিনীতে হতাহতের সংখ্যা বেড়েছে। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই জোরপূর্বক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মাত্র এক সপ্তাহের প্রশিক্ষণ দিয়ে সম্মুখসারিতে পাঠানো হচ্ছে।
এ ছাড়া তিনি দাবি করেন, রাশিয়ার নবগঠিত মানববিহীন যুদ্ধব্যবস্থা (ড্রোন) বাহিনীর কার্যকারিতাও এই ক্ষয়ক্ষতির অন্যতম কারণ।
রুশ সামরিক বিশ্লেষকের দেওয়া তথ্যমতে, জুন মাসে রুশ বাহিনী ইউক্রেনের ১৬ হাজার ৩০০টি ড্রোন, ১২টি ট্যাংক, ৯টি বহুনল রকেট উৎক্ষেপণ ব্যবস্থা, ২৭০টি ফিল্ড আর্টিলারি, ১৫৫টি ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ও রাডার এবং বিভিন্ন ধরনের প্রায় ২ হাজার ৪০০টি সামরিক যান ধ্বংস করেছে।
তবে মারোচকোর এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: তাস






