নেত্রকোন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও একটি ফার্মেসির মালিক।
সোমবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, রোববার রাতে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকায় দুলালের বাড়িতে শিশুটিকে যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। শিশুটি দুলালের মালিকানাধীন ‘মা ফার্মেসি’ নামের ওষুধের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত।
অভিযোগ অনুযায়ী, রোববার রাতে ফার্মেসি বন্ধ করে শিশুটি দুলালের বাড়িতে যায়। সে সময় দুলালের স্ত্রী ও সন্তান বেড়াতে বাবার বাড়িতে থাকায় বাড়িটি ফাঁকা ছিল। শিশুটি ঘুমাতে গেলে দুলাল তাকে নিজের বিছানায় ডেকে নেন। পরে শিশুটির যৌনাঙ্গে স্পর্শ এবং পায়ুপথে যৌন নির্যাতন করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এতে শিশুটি প্রচণ্ড ব্যথা অনুভব করে রাতে বাড়ি ফিরে যায়। তার কান্না দেখে মা-বাবা কারণ জানতে চাইলে সে তাদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে শিশুটির বাবা বাদী হয়ে সোমবার পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা সূত্রে আরও জানা যায়, দুলাল উপজেলার জালশুকা গ্রামের কাশেম মাস্টারের ছেলে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁর বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। পরবর্তী সময়ে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






