রেকর্ড তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র হলেন সাদিক খান
ব্রিটেনের রাজধানী লন্ডনের মেয়র পদে টানা তৃতীয়বারের মতো জয় পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান (৫৩)। তিনিই লন্ডনের প্রথম নেতা, যিনি টানা তিনবার এই পদে জয়ী হয়ে রেকর্ড গড়েছেন।
অপরাধ ও বিশুদ্ধ বায়ু ম্যান্ডেট দিয়ে ৪৩.৮ শতাংশ ভোট পেয়ে জিতেছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুসান হল পেয়েছেন ৩২.৭ শতাংশ ভোট। খবর বিবিসির।
লন্ডনের মেয়র পদের নির্বাচনের ভোটগ্রহণ গত বৃহস্পতিবার রাত ১০টায় শেষ হয়। পরে শুক্রবার সকাল থেকে ভোট গণনা শুরু হয়। এরপর শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ফলাফল প্রকাশ পায়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বর্তমান মেয়র সাদিক খান প্রতিদ্বন্দ্বী সোসান হলকে ২ লাখ ৭৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন।
এবার ১৪টি নির্বাচনী এলাকার নয়টিতেই জিতেছেন সাদিক খান। এর মধ্যে কনজারভেটিভদেরও দুটি এলাকা রয়েছে। নির্বাচনে মোট ভোট পড়েছে ২৪ লাখ, যা মোট ভোটারের ৪২ দশমিক ৮ শতাংশ। ভোট পড়ার হার গতবারে চেয়ে কিছুটা কম।
সাদিকের এই জয়ের মাধ্যমে ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টির রাজনৈতিক শক্তি ও সমর্থনের বিষয়টি আবারও ফুটে উঠেছে।
বিশ্লেষকরা মনে করছেন, কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী সুসান হলের বিরুদ্ধে তুমুল প্রচারণার মাধ্যমেই সাদিক খান জয়লাভ করেছেন। এমনকি লন্ডনের সাবেক মন্ত্রী পল স্কুলিসহ আরও হাইপ্রোফাইল টরি প্রার্থীদের পেছনে ফেলেই নির্বাচিত হয়েছেন সাদিক খান।
এর আগে, ২০১৬ সালে প্রথম লন্ডনের মেয়র হন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাদিক খান। এরপর ২০২০ সালে দ্বিতীয় দফায় লন্ডনের নগর পিতা হন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন তিনি।






