ডিম ও সবজির ঊর্ধ্বমুখী দামে ক্রেতারা বিপাকে
বিক্রেতারা জানিয়েছেন, সম্প্রতি দেশে টানা বৃষ্টি হওয়ায় কৃষকরা সবজি তুলতে পারছেন না। সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে—করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, পটল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, বেগুন (গোল) ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, বেগুন (লম্বা) ৮০ টাকা, কঁচু ৮০ টাকা, জালি ৬০ টাকা, লাউ ৭০ টাকা।
বেশ কিছুদিন ধরে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী, আর কমার কোনো লক্ষণ নেই। আলু, বই কচু ও কাঁচা পেঁপে ছাড়া অন্যান্য সবজির দাম এখন ৮০ থেকে ১০০ টাকার মধ্যে, এমনকি কিছু সবজি ১০০ টাকার বেশি বিক্রি হচ্ছে। ডিমের দামও বেড়ে গেছে, যা নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য নিত্যপণ্য কেনাকে আরও চাপ সৃষ্টি করছে।
ক্রেতারা জানান, সীমিত আয়ের কারণে এখন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অনেকেই আগের তুলনায় সবজি কেনা কমিয়েছেন।ডিমের দামও ঊর্ধ্বমুখী। বর্তমানে একজন ক্রেতাকে ডজন ডিমের জন্য দিতে হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকা, যেখানে একমাস আগে দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৭০ থেকে ১৮৫ টাকা, এবং সোনালি মুরগির দাম ৩০০ থেকে ৩২০ টাকা।






