স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন: পুলিশে ব্যাপক বদলি-পদায়ন
দেশের পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
পঞ্চগড় জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইম। বর্তমানে দায়িত্বে থাকা এসপি মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম। জেলার বর্তমান এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
নোয়াখালী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিনকে। বর্তমান এসপি টি এম মোশাররফ হোসেনকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে। জেলার বর্তমান এসপি মো. মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ফেনী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। এর আগে তিনি ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন। তবে নতুন প্রজ্ঞাপনে তাকে ফেনীতে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া, এর আগে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই রদবদলের মাধ্যমে জেলা পুলিশ প্রশাসন ও বিভিন্ন ইউনিটে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।





