বাবা হওয়ার সুখবরের দিনে দুঃসংবাদও, অনুশীলনে ফিরতে পারলেন না নেইমার
একদিকে পরিবারে নতুন অতিথি আসার সুখবর, অন্যদিকে চোটের কারণে মাঠে ফেরার অনিশ্চয়তা - দুই ভিন্ন অনুভূতির মধ্য দিয়েই দিন কাটছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বান্ধবীর প্রকাশ করা এক ভিডিওতে জানা যায়, পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবনের এই আনন্দঘন মুহূর্তের দিনেই অবশ্য ফুটবল মাঠ থেকে এলো হতাশার খবর।
চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফেরার কথা থাকলেও তা সম্ভব হয়নি নেইমারের। সতীর্থরা যখন অনুশীলনে ব্যস্ত, তখন তিনি ছিলেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ফলে বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও তাঁর মাঠে ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।
গত ১৭ মে ক্লাবের হয়ে খেলতে গিয়ে পেশিতে চোট পান নেইমার। শুরুতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, চোটটি গুরুতর নয় এবং পেশিতে সামান্য ফোলাভাব রয়েছে। পরে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ জানায়, তাঁর চোট গ্রেড-২ পর্যায়ের এবং সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে।
সে হিসাব অনুযায়ী জুনের মাঝামাঝি সময়েই অনুশীলনে ফেরার কথা ছিল এই ফরোয়ার্ডের। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি ফিট নন।
মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর দাবি, অন্তত হাইতির বিপক্ষে ম্যাচে তাঁর খেলা হচ্ছে না বললেই চলে।
তবে ব্রাজিল দল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। দলটির মেডিক্যাল বিভাগ চোট পুনরায় ফিরে আসার ঝুঁকি এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে। তাই তাড়াহুড়ো করে মাঠে নামানোর বদলে তাঁকে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
ব্রাজিলের প্রথম ম্যাচের ফল প্রত্যাশিত না হলেও নেইমারকে নিয়ে সেই কৌশলে পরিবর্তনের কোনো ইঙ্গিত মেলেনি। চিকিৎসক দল চাইছে, তিনি শতভাগ সুস্থ হয়েই মাঠে ফিরুন।
তবে নেইমারের ক্যারিয়ারে চোট নতুন কোনো ঘটনা নয়। ৩৪ বছর বয়সী এই তারকা গত কয়েক বছরে একাধিকবার দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। ব্রাজিলের জার্সিতে তাঁর সর্বশেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে। তাই সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন-বিশ্বকাপের মঞ্চে আবার কবে দেখা যাবে নেইমারের জাদু?






