হামে উদ্বেগজনক পরিস্থিতি: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৩৫
সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মৃত তিন শিশুর বাড়ি ঢাকা, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলায়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে হামে এবং হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে আরও ৫৯৩ জন।
একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১১ হাজার ২৯৭ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৯৪ হাজার ৭৬৪ জন।
পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঢাকা বিভাগ। বিভাগটিতে হামে ও হামের উপসর্গে মোট ৩০৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৫১ হাজার ২৬১ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় জনস্বাস্থ্য কার্যক্রম জোরদার করা হচ্ছে।






