প্রতিপক্ষের অপেক্ষায় জার্মানি, বিশ্বকাপ সূচি নিয়ে কোচের অসন্তোষ
বিশ্বকাপের গ্রুপ পর্বে শীর্ষস্থান অর্জন করাই সাধারণত প্রতিটি দলের লক্ষ্য। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউটে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকার কথা। কিন্তু ২০২৬ বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাটে সেই ধারণাই যেন বদলে যাচ্ছে। জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমানের মতে, বর্তমান সূচিতে অনেক ক্ষেত্রে গ্রুপসেরা হওয়াটাই উল্টো বাড়তি ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার রাতে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হারলেও ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। এর আগেই আইভরিকোস্টকে হারিয়ে নকআউট নিশ্চিত করেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে গ্রুপসেরা নিশ্চিত হওয়ার পরও এখন পর্যন্ত রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়নি।
নতুন ফরম্যাটে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও নকআউটে খেলবে। ফলে বেশ কয়েকটি গ্রুপের চূড়ান্ত অবস্থান শেষ ম্যাচ পর্যন্ত অনিশ্চিত থাকছে। এর প্রভাব পড়ছে গ্রুপ চ্যাম্পিয়নদের ওপরও।
জার্মানি জানে, তারা ২৯ জুন রাত আড়াইটায় ‘এ’, ‘সি’, ‘ডি’ অথবা ‘এফ’ গ্রুপের তৃতীয় হওয়া কোনো দলের বিপক্ষে খেলবে। কিন্তু সেই দলটি কে হবে, তা নির্ধারণ হবে গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচগুলোর ফলাফলের ওপর। অর্থাৎ নিজেদের নকআউট ম্যাচের ৪৮ ঘণ্টারও কম সময় আগে প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।
এ পরিস্থিতিতে প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন নাগলসমান। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয়, গ্রুপের শীর্ষে থাকা দলগুলো কিছুটা শাস্তি পাচ্ছে। আমরা সম্ভাব্য প্রতিপক্ষগুলো কোচিং স্টাফদের মধ্যে ভাগ করে দিয়েছি। আমি কয়েকটি ম্যাচ দেখেছি, বিশ্লেষক দলও একই কাজ করেছে। সামনে আমাদের নির্ঘুম রাত অপেক্ষা করছে।’
তবে এই জটিলতাকে অজুহাত বানাতে রাজি নন জার্মান কোচ। তাঁর ভাষায়, কোচিং স্টাফ আগেভাগেই সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে কাজ শুরু করেছে, যাতে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে পরিকল্পনা করতে না হয়। প্রয়োজন হলে সারা রাত জেগেও প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
৪৮ দলের বিশ্বকাপ চালুর পর থেকেই নতুন ফরম্যাট নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে তৃতীয় স্থানধারী দলগুলোর নকআউটে ওঠার সুযোগ থাকায় অনেক গ্রুপের সমীকরণ শেষ ম্যাচ পর্যন্ত ঝুলে থাকে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলোকেও প্রতিপক্ষ জানতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
জার্মানি একা নয়, একই পরিস্থিতিতে রয়েছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন মেক্সিকো, ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড এবং ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। নতুন ফরম্যাটে এই সূচি-জটিলতা ভবিষ্যতেও বিতর্কের অন্যতম বিষয় হয়ে থাকতে পারে।






