ads

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের বিপক্ষে পুরো সময় বেঞ্চে বসেই কাটাতে হয়েছে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে। ম্যাচ শেষে এ সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তাঁর ভাষ্য, এটি ছিল পুরোপুরি কৌশলগত সিদ্ধান্ত; চোট বা ফিটনেসের কোনো সমস্যা ছিল না।

হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধে কাইশু সানোর গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর হেডে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বদলি হিসেবে নেমে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জয়সূচক গোল করে দলকে নাটকীয় জয় এনে দেন।

ম্যাচ শেষে আনচেলত্তি জানান, নেইমারের সঙ্গে আগেই একটি পরিকল্পনা করা হয়েছিল। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রাজিল সমতায় ফিরতে না পারে, তাহলে ৬০ থেকে ৬৫ মিনিটের মধ্যে তাকে মাঠে নামানো হতো।

আনচেলত্তি বলেন, “নেইমারের সঙ্গে আমার কথা হয়েছিল। আমরা পরিকল্পনা করেছিলাম, নির্দিষ্ট সময়ের মধ্যে সমতায় ফিরতে না পারলে তাকে মাঠে নামাব।”

তবে ৫৬তম মিনিটে ক্যাসেমিরোর সমতাসূচক গোলের পর ম্যাচের গতি পুরোপুরি বদলে যায়। বলের নিয়ন্ত্রণ নিয়ে একের পর এক আক্রমণ শুরু করে ব্রাজিল। সেই অবস্থায় দলের ছন্দ বা ফরমেশন পরিবর্তনের প্রয়োজন দেখেননি অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।

তিনি বলেন, “আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলাম। তাই দলের ফরমেশন বা ছন্দ পরিবর্তন করার প্রয়োজন মনে করিনি।”

সমতাসূচক গোলের পর নেইমারকে ওয়ার্ম-আপ করতে দেখা গেলেও শেষ পর্যন্ত তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেননি আনচেলত্তি। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই সঠিক প্রমাণিত হয়। বদলি হিসেবে নামা মার্তিনেল্লি ইনজুরি সময়ে গোল করে ব্রাজিলকে জয় এনে দেন এবং নিশ্চিত করেন শেষ ষোলোর টিকিট।

জাপানকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া ব্রাজিল এখন শেষ ষোলোতে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে মাঠে নামবে।

আরও খবর